কোরআন তেলাওয়াতে জামায়াতের সমাবেশ শুরু - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোরআন তেলাওয়াতে জামায়াতের সমাবেশ শুরু

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৯, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।

সকাল ৯টার পর থেকেই দেখা গেছে—মিছিলের পর মিছিল উদ্যান অভিমুখে ছুটছে। সোহরাওয়ার্দীতে প্রবেশে ভিড়ের কারণে অনেককে রমনা গেট ঘুরে আশপাশের রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল স্টেশন, বাংলা একাডেমি এলাকা ও জাতীয় জাদুঘর সংলগ্ন সড়কজুড়ে দেখা গেছে জনস্রোত। চারদিকে মানুষের ভিড় আর স্লোগানে মুখরিত পুরো এলাকা।

সমাবেশ ঘিরে টুপি, জাতীয় পতাকা, জামায়াতের ব্যাজ ও টি-শার্ট বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো। গরমের কারণে আইসক্রিম, শরবত, পানি ও শসার দোকানে ভিড় বেশি দেখা গেছে।

সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা চলছে। এই পর্বটি পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

দুপুর ২টায় শুরু হবে মূল সমাবেশ, যেখানে সভাপতিত্ব করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর ভিত্তিক নির্বাচন, সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড), রাজনৈতিক সংস্কার ও বিচার প্রক্রিয়ার দাবিসহ নানা বিষয় সামনে আনা হতে পারে বলে জানা গেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলকেই এ সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশস্থলে ওজু, টয়লেট ও নামাজের ব্যবস্থা ছাড়াও রয়েছে মেডিকেল বুথ, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার উদ্যোগ। জামায়াত নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজনকে সুশৃঙ্খল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।