এবার নির্বাচনের দিন হরতাল ডাকল বিএনপি - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার নির্বাচনের দিন হরতাল ডাকল বিএনপি

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৪, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী একাধিকবার বলেছেন, ‘৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৮ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করা হবে।’

এদিকে বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়ে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

এছাড়া ৫ জানুয়ারি সারা দেশে লিফলেট বিতরণ করবে এলডিপি নেতাকর্মীরা।

এর আগে দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী বলেন, আমরা আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই।

একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। এছাড়া সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।