এইচএসসির স্থগিত দুই পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসির স্থগিত দুই পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে

জনবার্তা প্রতিবেদন
জুলাই ২৩, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

তিনি বলেন, ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে।

তবে কোন তারিখে এই দুই পরীক্ষা নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা উপদেষ্টা জানান, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ২২ জুলাই যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো হলো: রসায়ন ২য় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, ইতিহাস ২য় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র।

অন্যদিকে, ২৪ জুলাই যেসব পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেগুলো হলো: অর্থনীতি ১ম পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্র।

এর আগে, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গতকাল মঙ্গলবারের (২২ জুলাই) ও আগামীকাল বৃহস্পতিবারের (২৪ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা।