ইরাকি ড্রোন হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ২৪ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরাকি ড্রোন হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ২৪

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৫, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে ইরাক থেকে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় দুই ইহুদিবাদী সেনা নিহত ও আরো ২৪ জন আহত হয়েছে।

টাইমস অব ইসরায়েলসহ দেশটির গণমাধ্যমগুলো হতাহতের এ ঘটনা স্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী- আইডিএফ জানিয়েছে, শুক্রবার ইরাক থেকে আসা দু’টি ড্রোনের একটি আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও অপরটি একটি সেনা ঘাঁটিতে আঘাত হানে।

এর আগে ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে তিনটি ড্রোন নিক্ষেপের খবর দিয়েছিল।

এদিকে, গাজা উপত্যকা ও লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় আরো ২৫ ইসরায়েলি সেনার আহত হওয়ার কথা স্বীকার করেছে তেলআবিব। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর হওয়ার কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি আইডিএফ।

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিজের সামরিক ক্ষয়ক্ষতির খবর প্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেলআবিব।

এ সময় গাজা ও লেবাননে ইসরাইলি সেনা হতাহতের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে প্রচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এখন পর্যন্ত লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে নিজের নয় সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। অথচ হিজবুল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের একদিনের হামলায় ১৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।