আমরা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি: নাহিদ ইসলাম - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি: নাহিদ ইসলাম

জনবার্তা প্রতিবেদন
মে ২৪, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

নাহিদ ইসলাম বলেন, ‘আজকের এই আলোচনায় আমরা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা দাবি ছিল আমাদের, যেটা ৩০ দিনের মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল; এ বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টাকে বলেছি, জুলাই আন্দোলনে যাঁরা আহত ও শহীদ হয়েছেন, তাঁদের পুনর্বাসনের বিষয়টিও ধীরগতির ছিল। আর এই আর্থিক বিষয়টা যেন সঠিকভাবে হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি।’

আজ শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে, শেখ হাসিনার আমলে যেসব নির্বাচন হয়েছিল, সেগুলো বিতর্কিত ছিল। তাই সেই নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার কাছে বলেছি।’

নাহিদ বলেন, ‘গণ-অভ্যুত্থানের যেসব ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন, তাঁরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। এ বিষয়ে আমরা আজকে স্পষ্ট করেছি। তাঁরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন।’

তিনি বলেন, গণঅভ্যুত্থানে প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে দায়িত্ব সম্পূর্ণ করেই তিনি যেন সিদ্ধান্ত নেন যেকোনো বিষয়ে। নির্ধারিত সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, তিনি যেন দায়িত্বে থাকেন এবং দায়িত্বে থেকে গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে কাজ করেন।’

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। এখনো সব শহীদ পরিবার সঞ্চয়পত্র পায়নি। মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সে ভাতার কার্যক্রম শুরু হয়নি। খুব দ্রুত সময়ের মধ্যে যেন সব প্রতিশ্রুতি নিশ্চিত করা হয়।

এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার জন্য বলেছি। সেই সময় শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিল। ভোটের অধিকার হরণ করেছিল। রাতে ভোট হয়েছে, ডামি প্রার্থীর ভোট হয়েছে। সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোকে আদালতে নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে আগের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা যাতে করা হয়।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। নির্বাচন কমিশন পুনর্গঠন করে যেন স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হয়।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণহত্যার বিচার ও সংস্কার প্রক্রিয়া চলমান। গণপরিষদ ও আইনসভা নির্বাচনের কথা বলেছি। এ তিনটি নিয়ে সমন্বিত একটি পরিকল্পনা বা রোডম্যাপ যাতে সরকার একত্রে ঘোষণা করে। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ আসতে পারে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ডিসেম্বর থেকে জুলাই সময়ের মধ্যে যে নির্বাচন হবে সেটিরও একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি।