আট বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আট বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৮, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৬টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এটি পরবর্তী ১২ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এক দিন আগে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের ফেনীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।