আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ইসলাম - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ইসলাম

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৫, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই বাংলার মাটিতে শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ—যারা আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে—আমরা তাদের বিচার নিশ্চিত করব। আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন।’

শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বিষয়ে তিনি বলেন, ‘এই শহীদ পরিবারগুলোর রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শুধু বর্তমান সরকার নয়, ভবিষ্যতে যেই সরকারই ক্ষমতায় আসুক, তাদের এই দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, ‘এই দাবির ভিত্তিতে আমরা ‘জুলাই ঘোষণাপত্র’ তুলে ধরছি। এই ঘোষণাপত্রে শহীদদের ও তাদের পরিবারের কথা থাকবে, এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে। এতে বাংলাদেশের প্রয়োজনীয় রাজনৈতিক ও সামাজিক সংস্কারের রূপরেখাও থাকবে।’

‘এই দুটি দাবিকে সামনে রেখে আমরা সারা দেশে পদযাত্রা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন,’—যোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আপনাদের পাশে থাকতে চাই। গত এক বছরে দেশে অনেক কিছু ঘটেছে। হয়তো আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি। আরও আগেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল, সেটা করতে না পারায় আমরা দুঃখিত। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি কথা দিচ্ছি, আমাদের এই সম্পর্ক আজীবনের। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার।’

এ সময় এনসিপির দুই মুখ্য সংগঠক—হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম—উপস্থিত ছিলেন।