আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ১৬, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিএনপির জোরালো দাবির মধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও নির্বাচনের সময়ের ব্যাপারে মতামত জানানো হয়েছে। দলটি জানিয়েছে, সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে তারা এত দেরিতে নির্বাচন চান না। আগামী রমজানের আগে (ফেব্রুয়ারির শেষ দিকে রমজান শুরু) তারা নির্বাচন চান।

আজ বুধবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই কথা জানিয়েছেন।

এর আগে দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের আমির। ঘণ্টাখানেক বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

নির্বাচন ছাড়াও আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াতে ইসলামী।

একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন বলেও জানান জামায়াত আমির।

এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের ফলাফলে সন্তুষ্ট নয় দলটি।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। তারা সুনির্দিষ্ট তারিখ না পেয়ে হতাশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও সরকারকে সতর্ক করেছে বিএনপি।

তবে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, কোনো মতেই ২০২৬ সালের জুন পার হবে না। এর আগেই নির্বাচন হবে। ভোট নিয়ে অযথা কালক্ষেপণের চেষ্টা তারা করবেন না।