আওয়ামী লীগ দিশেহারা, চোখে অন্ধকার দেখছে: ফখরুল - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ দিশেহারা, চোখে অন্ধকার দেখছে: ফখরুল

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৪, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

চতুর্মুখী চাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ দিশেহারা, তারা চোখে-মুখে অন্ধকার দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ জেগে উঠেছে দাবি করে তিনি বলেছেন, সরকারের পতন ছাড়া মানুষ ঘরে ফিরবে না।

আজ শুক্রবার (৪ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ডের প্রতিবাদে ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘এই অবৈধ সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। দিশেহারা হয়ে অসংলগ্ন কথা বলছে আওয়ামী লীগ। চতুর্দিকে তারা অন্ধকার দেখছে। তারা দেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু।’

দেশের মানুষ জেগে উঠেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘যখন পতন অবশ্যম্ভাবী তখন ক্যারিকেচার করে লাভ নেই। সরকারের সময় শেষ। তাদের পতন ছাড়া মানুষ ঘরে ফিরবে না।’

আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপির সংকট নয়, গোটা জাতির সংকট মন্তব্য করে তিনি বলেন, ‘দুর্বার প্রতিরোধ গড়ে তুলে এই দানবকে পরাজিত করতে হবে। যুক্তরাষ্ট্র ভারত কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। জনগণ বলছে, এই সরকারকে বিদায় করতে হবে।’

তারেক ও জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাবলে তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায় হয়েছে। অথচ শেখ হাসিনা ও তার দলের নেতা-কর্মীর বিরুদ্ধেও প্রচুর মামলা ছিল। তারেক রহমানের সহধর্মিণী, যার পারিবারিক সম্পত্তি ১০ হাজার কোটি টাকা, তাকে ৩৫ লাখ টাকার মামলা দেওয়া হয়েছে।’

ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানকে মামলা দিয়েছে, কীসের? দুর্নীতির! আজকে যিনি অবৈধ ক্ষমতা দখল করে আছেন, তার বিরুদ্ধে প্রচুর মামলা ছিল দুর্নীতির। সেগুলো তো এই বিচারব্যবস্থাকে ব্যবহার করে পাঠিয়ে দিয়েছেন। পত্রপত্রিকায় তার দুর্নীতির ব্যাপারে বহু ছাপা হয়েছে। তিনি পিঠে দিয়েছেন কুলো, কানে দিয়েছেন তুলো।’