অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় পূর্ণ সমর্থন রয়েছে জাতিসংঘের: গুতেরেস - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় পূর্ণ সমর্থন রয়েছে জাতিসংঘের: গুতেরেস

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২০, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র’ অর্জনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে জাতিসংঘের।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৯ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি গণমাধ্যমের সঙ্গে শেয়ার করেন। চিঠিতে ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব।

আন্তোনিও গুতেরেস বলেন, আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে ড. ইউনূসের নেতৃত্ব সহিংসতা বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, আমি আশা করি আপনার সরকার তরুণ ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়গুলোকেও বিবেচনায় নিয়ে অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নেবে।

চিঠিতে গুতেরেস বলেন, তিনি সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের ওপর নির্ভর করছেন। বিশেষ করে মিয়ানমারে অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমি আপনাদের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।