দুর্নীতিবাজরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ চুরি করছে : রায়ের পর্যবেক্ষণে বিচারক - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিবাজরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ চুরি করছে : রায়ের পর্যবেক্ষণে বিচারক

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৮, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

অর্থ পাচার প্রতিরোধ আইনে আরেক মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার সাত বছরের সাজা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় জনের খালাস দিয়েছেন আদালত।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, যারা দুর্নীতিবাজ, মানিলন্ডারার তারা শুধু আমাদের সম্পদ চুরি করছে না। তারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ চুরি করছে এবং আমাদের স্বপ্ন চুরি করছে। আমাদের প্রত্যেকের উচিত তাদের আইনের আওতায় আনতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা। এটা সত্য এ দেশের মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করে। তবে আমাদের উচিত তাদের সামাজিকভাবে বয়কট করা।

খালাস পাওয়া আসামিরা হলেন- শহীদুল হক, মো. রশিদুল হক ভুঁইয়া, মো. মেরাজুল হক শিপলু, জয় গোপাল সরকার, পাভেল রহমান ও ভুলু চন্দ্র দেব।

এদিন কারাগারে আটক এনু-রুপনসহ ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াদের পুরান ঢাকার বানিয়ানগরের বাসাসহ তাদের ওয়ান্ডারার্স ক্লাবের দুই সহযোগী আবুল কালাম ও হারুন অর রশিদের বাসায় অভিযান চালায় র‌্যাব। এরপর তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সে সময় অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ১২টি মামলা হয়। এর মধ্যে ২০২০ সালের ৩১ অগাস্ট বংশাল থানায় সিআইডির অর্গানাইজড ক্রাইম স্কোয়াডের পরিদর্শক মো. মেহেদী মাকসুদ মামলাটি দায়ের করেন। মামলায় ১১ জনকে আসামি করা হয়। তবে তদন্ত শেষে তিন জনকে অব্যাহতি দিয়ে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ মামলার বিচারকালে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ এপ্রিল ওয়ারী থানার অর্থ পাচার আইনের মামলায় এনু-রুপনসহ ১১ জনকে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের চার কোটি টাকা জরিমানা করা হয়।