বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির অভিযোগ উঠেছে উপমহাদেশের জনপ্রিয় সুরকার সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে। কবির লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে ‘পিপ্পা’ নামের একটি সিনেমায়। এ গানের সুরেই কারসাজি করেছেন রহমান। কিন্তু তাতে ভালো কিছু হয়নি, উল্টো সুর হয়েছে বিকৃত।
কবির গান নিয়ে এ আর রহমানের এমন মাতব্বরি মানতে নারাজ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলা ভাষাভাষীরা। ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তারা করছেন প্রতিবাদ।
এবার এই তালিকায় নাম লেখালেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। কবির গান বিকৃতির প্রতিবাদে নিজের বেসুরো গলায় রহমানের ‘জয় হো’ গানটি গেয়েছেন হিরো আলম।
নিজের গাওয়া জয় হোর একটি স্টুডিও ভার্সন সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন আলম। ক্যাপশনে লিখেছেন, ‘‘এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তার ‘জয় হো’ গান গাইলাম আমি হিরো আলম।’’
গানটির মন্তব্যের ঘরে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন আলমকে। তবে কটু কথা বলতেও ছাড়েননি কেউ কেউ। একজন লিখেছেন, ‘গান গাইছেন নাকি আমাদের কে গালি দিচ্ছেন, কোনটা?’
