তৃতীয় দফায় বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাথায় হেলমেট পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল বের করেছেন জামায়াত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের মধ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল জব্বারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মাথায় হেলমেট ও পায়ে কেডস পরে সড়ক অবরোধ করেন। বেশ কিছুক্ষণ স্লোগান দিয়ে পুলিশ আসার আগে সটকে পড়েন অবরোধকারীরা। এ ছাড়া জোলার বেশকিছু স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বয়ড়া ও জামায়াত নেতাকর্মীরা।
এছাড়া, অবরোধে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবনে অবরোধে তেমন কোনো প্রভাব না পড়লেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। চলাচল করছে ছোট ছোট যানবাহন।
পাকুন্দিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, জামায়াত নেতাকর্মীরা বেশকিছু স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করেন। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরই নেতাকর্মীরা সটকে পড়ে। তবে পুরো জেলায় পরিস্থিতি শান্ত রয়েছে।
