নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

নেশার টাকা না পেয়ে ফরিদপুরে মা’কে হত্যার দায়ে ছেলে আক্কাস শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আক্কাস শেখ (৩০) ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার মোজাহার শেখের ছেলে। রায় ঘোষণার সময় আক্কাস শেখ আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার বাসিন্দা মোজাহার শেখের ছেলে আক্কাস শেখ (৩০) দীর্ঘদিন যাবত মাদক সেবন করতো। নিজে কোনো কাজ করতো না, মাদক কেনার জন্য তার বাবা-মাতার কাছ থেকে টাকা নিতো। টাকা না দিলেই তাদের মারপিট করতো। মাদক সেবনের দায়ে জেল থেকে জামিনে এসে আবার টাকার জন্য চাপ সৃষ্টি করে।

গত ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে আক্কাস শেখ তার মা আমেনা বেগমের (৫০) কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। মা আমেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্কাস উত্তেজিত হয়ে আমেনা বেগমের মাথায় কাঠের বাটাম এবং পরে দা দিয়ে কুপিয়ে জখম করে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আমেনা বেগম মারা যান। এঘটনায় আক্কাস শেখের বাবা মোজাহার শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।

এই ঘটনায় দীর্ঘ স্বাক্ষ্যপ্রমান শেষে আজ মামলার রায দেয় বিচারক।