আরও বাড়ল ডলারের দাম - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরও বাড়ল ডলারের দাম

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ডলারের দর আরও ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। এতে আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা। যা রেমিট্যান্স ও রফতানিকারকদের থেকে ১১০ টাকা ৫০ পয়সায় (প্রতি ডলার) কিনে আমদানিকারকদের কাছে ১১১ টাকায় বিক্রি করবে ব্যাংকগুলো।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার যৌথ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দর বৃদ্ধির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরএফ হোসেন। তিনি জানান, প্রতি ডলার বিক্রি ও কেনায় ৫০ পয়সা দর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গতকাল সোমবার (৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার কয়েকটি ব্যাংকের এমডির সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ওই বৈঠকে ডলার সংকট থেকে উত্তরণে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এতদিন ১১০ টাকায় ডলার কিনে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সিদ্ধান্ত ছিল। তবে নতুন এ সিদ্ধান্তের পর বুধবার থেকে রেমিট্যান্স ও রফতানিকারকদের থেকে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কিনে আমদানিকারকদের কাছে ১১১ টাকায় বিক্রি করবে ব্যাংকগুলো। আর আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা।