আম্বানির কাছে এবার ৪০০ কোটি রুপি দাবি হুমকিদাতার - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আম্বানির কাছে এবার ৪০০ কোটি রুপি দাবি হুমকিদাতার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

২০ কোটি, ২০০ কোটি, ৪০০ কোটি। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কাছে এবার ৪০০ কোটি রুপি দাবি করে হুমকি দিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। এ নিয়ে মাত্র চারদিনের ব্যবধানে তৃতীয়বার এ ধরনের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (৩০ অক্টোবর) মুকেশ আম্বানি ও তার কোম্পানির কাছে ই-মেইল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়।

মুম্বাই পুলিশের প্রযুক্তি বিশেষজ্ঞরা ওই ই-মেইলের আইপি ঠিকানা বেলজিয়ামে শনাক্ত করেছেন। তবে পুলিশের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি দূরের কোনো দেশে বসে ভিপিএন ব্যবহার করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

এ কারণে ইন্টারপোলের মাধ্যমে বেলজিয়ামের একটি ভিপিএন কোম্পানির কাছে ওই আইপি ঠিকানার বিস্তারিত জানাতে অনুরোধ করেছে মুম্বাই পুলিশ।

আম্বানিকে হুমকি দেওয়া সবশেষ ই-মেইলে লেখা ছিল, আমরা এখন আমাদের চাহিদা বাড়িয়ে ৪০০ কোটি করেছি। পুলিশ যদি আমাকে শনাক্ত করতে না পারে, তাহলে গ্রেফতারও করতে পারবে না।

এর আগে, গত শুক্রবার ২০ কোটি রুপি দাবি করে হুমকি পাওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিকিউরিটি ইনচার্জ।

শনিবার রাতে একই প্রেরকের কাছ থেকে আরেকটি ই-মেইল আসে রিলায়েন্সের কাছে। এতে দাবি করা অর্থের পরিমাণ ২০০ কোটি বলে জানানো হয়। এর দুদিন পরেই সেই অংকটা ৪০০ কোটিতে নিয়ে যান হুমকিদাতা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া