দুর্নীতিবাজদের দ্রুত জামিন মানুষ ভালোভাবে নেয় না: প্রধান বিচারপতি - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিবাজদের দ্রুত জামিন মানুষ ভালোভাবে নেয় না: প্রধান বিচারপতি

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতিবাজদের দ্রুত জামিন মানুষ ভালোভাবে নেয় না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, তিন মাসের মাথায় কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সেটা সমাজ ভালোভাবে নেয় না। মানুষ ভালোভাবে নেয় না।

নিজ কার্যালয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ তিন মাস বাড়ায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। এ সময় প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) শুনানির শুরুতে মহিবুল ইসলামের জামিন প্রার্থনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা।

তখন তাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা-আপনারা জিরো টলারেন্সের কথা বলি। আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে জামিন আবেদন নিয়ে হাইকোর্টে আসেন। তিন মাসের মাথায় কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সেটা সমাজ ভালোভাবে নেয় না। মানুষ ভালোভাবে নেয় না। পরে প্রধান বিচারপতি আবারও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। শুনানি শেষে আদালত ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আরও তিন মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে মহিবুল ইসলামের জামিন সংক্রান্ত রুল শুনানি করতে বলেন।

ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গত ১৪ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি দুই মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন আপিল বিভাগ।

রাজশাহী নগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার ও হাসপাতালের মালিক ডা. ফাতেমা সিদ্দিকার পাঁচ বছরের ব্যাংক লেনদেনের বিষয়ে কর কর্মকর্তা মুহিবুল ইসলাম ভূঁইয়া আপত্তি তোলেন। বিষয়টি নিষ্পত্তি করতে গেলে তিনি ডা. ফাতেমার কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে তা ৫০ লাখ টাকায় রফা হয়।

বিষয়টি জানিয়ে ফাতেমা সিদ্দিকা গত ২৯ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ করেন। এরপর দুদকের রাজশাহী জেলা ও বিভাগীয় কার্যালয় মহিবুল ইসলাম ভূঁইয়ার ওপর নজরদারি করে।

গত ৪ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করে দুদকের একটি আভিযানিক দল। এ ঘটনায় দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) আমিনুল ইসলাম বাদী হয়ে ১৬১ ধারাসহ দুর্নীতি বিরোধী আইনে মহিবুলের বিরুদ্ধে মামলা করেন।

গত ১৮ এপ্রিল রাজশাহী মুখ্য মহানগর দায়রা জজ আদালতে (সিএমএম) তাকে হাজির করা হয়। ওইদিন আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আল আসাদ আশিকুজ্জামান এ জামিন আবেদন নামঞ্জুর করেন এবং মহিবুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর গত ১৪ আগস্ট নিজ কার্যালয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি দুই মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন আপিল বিভাগ।