ভারত থেকে ৪১ কূটনীতিক সরাবে কানাডা - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে ৪১ কূটনীতিক সরাবে কানাডা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২০, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ভারত থেকে কানাডার ৪১ কূটনীতিককে দেশে ফেরানো হচ্ছে। বৃহস্পতিবার কানাডিয়ান সরকার এ তথ্য দিয়েছে। তাদের সঙ্গে আরও ৪২ জন সহযোগীও কানাডায় ফিরে যাচ্ছে বলে জানা গেছে।

ভারতের অবস্থানের জন্যই এই সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে বলে ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি বৃহস্পতিবার বলেছেন, ”ভারত হুমকি দিয়েছে, কূটনীতিকদের ওপর থেকে রক্ষাকবচ তুলে নেওয়া হবে। এই অবস্থায় কোনো দেশই নিজেদের কূটনীতিকদের অন্য দেশে রাখতে পারে না। কানাডা সে কারণেই কূটনীতিদের ফেরাতে বাধ্য হচ্ছে।”

বস্তুত, ভারতে সব মিলিয়ে ৬২জন কানাডার কূটনীতিক আছেন। তার মধ্য থেকে ৪১ জনকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাকিরা ভারতেই থাকছেন। তাদের রক্ষাকবচ আছে বলেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

ভারত জানিয়েছে, কানাডা ভারতীয় কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দেওয়ার পরেই তারা কানাডার কূটনীতিকদের ডেকে পাঠিয়েছিল। এ কারণে বলা যায় যে কানাডা আগে এ চরম পদক্ষেপ নিয়েছে।

বস্তুত, এই গোটা বিতর্কের সূত্রপাত মাস দুয়েক আগে। কানাডার নাগরিকত্ব নেওয়া ভারতীয় বংশোদ্ভুত শিখ হারদীপ সিং নিজ্জর ভ্যাংকুভারের কাছে একটি গুরুদ্বারের সামনে নিহত হন। এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করেন, ভারত এজেন্ট পাঠিয়ে এ কাজ করেছে। ভারত বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে এবং কানাডার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়।

ভারত জানিয়েছে, কানাডা খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিচ্ছে। নিজ্জর তাদেরই এক নেতা। দীর্ঘ দিন ধরে যারা স্বাধীন খালিস্তানি রাষ্ট্রের দাবি করছে। ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টারের মাধ্যমে যার মোকাবিলা করেছিলেন কয়েক দশক আগে। তবে কানাডায় ঢুকে নিজ্জরকে হত্যার যে অভিযোগ কানাডা করছে, ভারত তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রথম থেকেই দাবি করছে। কিন্তু কানাডা তা মানতে রাজি নয়। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে।
সূত্র : ডয়চে ভেলে