প্লেনে মদ্যপ সহযাত্রীর কাছে হেনস্তার শিকার অভিনেত্রী - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্লেনে মদ্যপ সহযাত্রীর কাছে হেনস্তার শিকার অভিনেত্রী

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১২, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

মাঝ আকাশে হেনস্তার শিকার মালয়ালম অভিনেত্রী দিব্যা প্রভা। তার অভিযোগ, বিমানে সফর করাকালীন এক সহযাত্রীর হাতে হেনস্থার শিকার হয়েছেন তিনি। এ সংক্রান্ত সব তথ্য দিয়ে কেরালা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দিব্যা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনার কথাও জানিয়েছেন তিনি। দিব্যার দেওয়া বর্ণনা অনুযায়ী, গত মঙ্গলবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে কোচি ফিরছিলেন তিনি। সেসময় প্লেনে মদ্যপ অবস্থায় তার সঙ্গে দুর্ব্যবহার করেন এক সহযাত্রী।

দিব্যার অভিযোগ, বিমানে নিজের আসন বদলে তার পাশে এসে বসেন সহযাত্রী। তারপর থেকেই দিব্যার সঙ্গে বিনা কারণে তর্ক করা শুরু করেন ওই যাত্রী। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ দিব্যার।

বারবার বিমানবালার কাছে নালিশ করা সত্ত্বেও তেমন কাজ হয়নি। বরং নিজের সুরক্ষার স্বার্থে তাকেই নিজের আসন বদলাতে হয় বলে জানিয়েছেন দিব্যা। পরে কোচি বিমানবন্দরে নেমে বিমানবন্দর কর্তৃপক্ষকে গোটা ঘটনার বিষয়ে জানানোর পরে পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন তিনি। অভিযোগ পত্রের সঙ্গে নিজের টিকিটও প্রমাণ হিসাবে জমা দিয়েছেন অভিনেত্রী।

কেরালা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দিব্যা আবেদন জানিয়েছেন যে, যেন প্লেনে এমন ব্যবহারের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়। শুধু তিনিই নন, অন্য কোনো নারী যাত্রীকেও যেন এমন হেনস্থার শিকার না হতে হয়, তা-ও নিশ্চিত করতে চান দিব্যা।

মালয়ালম বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ দিব্যা। ‘মালিক’,‘টেক অফ’, ‘ইতিহাস’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।