জানা গেল সাকিবের মাঠে ফেরার সময় - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জানা গেল সাকিবের মাঠে ফেরার সময়

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের আগমুহূর্তে বেশ বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ দল। ফুটবল অনুশীলনের সময় প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে যান অধিনায়ক সাকিব আল হাসান। এরপর গুঞ্জন উঠেছিল, ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে। তবে এবার স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে । তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’

এরপরই সুজন বলেন, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মুস্তাফিজুর রহমান কেন খেলেননি তা নিয়ে সুজন জানান, ‘এ দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছিলো। তবে প্রয়োজন হলে শান্ত ব্যাট করতে নামতো। প্রয়োজন হয়নি, তাই তার ব্যাট করতেও নামা হয়নি। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছিলো মুস্তাফিজকে।’

ভারতের গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়েই বাঁ-পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর এসেছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নামবে টাইগাররা। ওই ম্যাচেও সতর্কতা হিসেবে বিশ্রামে থাকবেন বাংলাদেশ অধিনায়ক।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও থাকছেন না অধিনায়ক সাকিব। হালকা চোটের কারণে সতর্কতা হিসেবেই নিজেকে তাকে ম্যাচ থেকে সরিয়ে রাখা হবে।