পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আসছে অক্টোবরেই ভারতের মাটিতে বসবে আইসিসির সবথেকে বড় আসর। আসন্ন এ টুর্নামেন্টের জন্য আজ চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমকে অধিনায়ক করে ঘোষীত ১৫ সদস্যের দলে নেই ম্যান ইন গ্রিনদের অন্যতম গুরুত্বপূর্ন ক্রিকেটার।

অবশেষে আশঙ্কাই সত্যি হয়েছে। এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া নাসিম শাহ পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। তাঁর সুস্থ হতে ৬-৮ সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। পাকিস্তানি এই স্পিডস্টার না থাকায় দীর্ঘ সময় পর দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার হাসান আলী।

ভারতের বিপক্ষে এশিয়া কাপের সেই ম্যাচে চোট পেয়েছিলেন আরেক পেসার হারিস রউফও। শঙ্কা ছিল তাঁর খেলা নিয়েও। তবে সব শঙ্কা দূর করে তিনিও আছেন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে।

তবে এশিয়া কাপে পাকিস্তান দলে থাকা ফাহিম আশরাফের জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। তাঁর বদলে নেয়া হয়েছে লেগ স্পিনার উসামা মীর। ফলে বিশ্বকাপে শাদাব খান, মোহাম্মদ নওয়াজ এবং উসামাকে নিয়ে শক্তিশালী একটি স্পিন আক্রমণই গড়তে পারবে বাবর আজমের দল। আর পেস আক্রমণে শাহিন আফ্রিদি এবং হারিস, হাসানদের সঙ্গী হবেন মহাম্মদ ওয়াসিম জুনিয়র।

এছাড়া বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সালমান আলী আগা, সৌদ শাকিল,। ১৫ জনের বাইরে তিনজন ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে নিয়েছে পাকিস্তান। তারা হলেন মোহাম্মদ হারিস, আবরার আহমাদ এবং জামান খান।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আঘা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।

রিজার্ভ ক্রিকেটার
মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।