সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর জামিন স্থগিত - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের ছয় মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

বুধবার (২০ সেপ্টেম্বর) তার জামিন আগামী ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রাষ্ট্রপক্ষের শুনানি করেন।

মাহমুদুল আলম বাবু বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ উঠলে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

এর আগে ১৮ সেপ্টেম্বর চারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহমুদুল আলম বাবুকে ছয় মাসের জামিন দেন। ১৯ সেপ্টেম্বর এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে, গত ২৭ আগস্ট মাহমুদুল আলম বাবুসহ ছয় আসামির জামিন নামঞ্জুর করেন আদালত। তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পর দিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।