রুবিয়ালেসের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিলেন বিশ্বজয়ী নারীরা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুবিয়ালেসের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিলেন বিশ্বজয়ী নারীরা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৬, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবারর মত বিশ্বকাপ ফাইনালে ওঠেই বাজিমাত করেছেন স্পেনের নারী ফুটবলাররা। দেশটির ইতিহাসে প্রথমবারের মত শিরোপা জিতেছে তারা। সিডনিতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ১-০ ব্যবধানে ফাইনাল জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ওলগা কারমোনার দল। তবে শিরোপা উল্লাসে যখন মাতোয়ারা গোটা দেশ ঠিক তখন ফুটবলারকে চুমু খেয়ে বিপত্তি ডেকে আনেন দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। এরই জের ধরে এবার তার বিরুদ্ধে একাট্টা হয়েছেন দেশটির বিশ্বজয়ী নারীরা।

বিশ্বকাপে পুরস্কার মঞ্চে নিজ দেশের ফুটবলারকে চুমু খেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন স্পেনের ফুটবল প্রধান। বিশ্বকাপের আনন্দে উত্তেজনায় ভাসতে থাকা রুবিয়ালেস স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোটে চুমু দিয়ে তোপের মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সঙ্গে সঙ্গে ‘ভাইরাল’ ও হয়েছে।

এমন ঘটনার পর তুমুল সমালোচনার মুখে পড়ে ক্ষমাও চেয়েছিলেন রুবিয়ালেস। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রুবিয়ালেস বলেন, ‘আমার কাছে ক্ষমা চাওয়া এবং এ থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এরপর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে। জয় উপভোগ করার চরম মুহূর্তে কোনও অসৎ উদ্দেশ্য ছাড়াই এইরকম পরিস্থিতির হয়েছে। এখানে আমরা এটিকে স্বাভাবিকভাবেই দেখছি। তবে বাইরে এই ঘটনাটা কে নিয়ে একটা গোলযোগের সৃষ্টি করা হচ্ছে।’

তবে এরপরও নিস্তার পাচ্ছেন না তিনি। কেননা এমন কান্ডের শিকার হওয়া হারমোসো জানিয়েছেন, তার সম্মতি ছাড়াই তাকে চুমু খেয়েছে রুবিয়ালেস। তিনি এ ঘটনার বিচার চান। রুবিয়ালেসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান তিনি।

এদিকে গতকাল এমন কান্ডের জন্য সিদ্ধান্ত নিতে বিশেষ এক অসভায় বসেছিল স্পেনের ফুটবল ফেডারেশন। ধারণা করা হচ্ছিল এরপর হয়তো পদত্যাগ করবেন রুবিয়ালেস। তবে এমনটি হয়নি। উল্টো এ ঘটনায় নিজের স্বপক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি।

রুবিয়ালেস বলেন, ‘আমি পদত্যাগ করব না। কিছুতেই না। আমার ওপর অনেক চাপ আসছে। সম্ভবত গত সোমবার আমাকে কেউ সরিয়েও দিতে চেয়েছিল। কিন্তু আমাদের দেশে আইন আছে, একটি সংবেদনশীল চুমুর জন্য আমাকে তাড়িয়ে দেওয়া হবে? আমি শেষ পর্যন্ত নিজের লড়াই চালিয়ে যাব। আমি আশা করি যথাযথ আইনেরই প্রয়োগ ঘটবে এবং সেখানে আমাকে সরিয়ে দেওয়ার মতো কিছু ঘটবে না।’

এদিকে রুবিয়ালেসের পদত্যাগ নিশ্চিত করতে একাট্টা হয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের ২৩ জন সহ মোট ৮১ ফুটবলার। রবিয়ালেস পদত্যাগ না করা পর্যন্ত স্পেনের হয়ে আর কোনও ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

স্পেনের নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো এক বিবৃতিতে জানিয়েছে, ‘নারী বিশ্বকাপে পদক দেওয়ার সময় যা কিছু ঘটেছে, তার ভিত্তিতে আমরা বলতে চাই, এই বিবৃতিতে যেসব খেলোয়াড় সই করেছেন, তাঁরা বর্তমান নেতৃত্বের অধীন স্পেনের হয়ে খেলবেন না।’