বিচারপতিকে নিয়ে মন্তব্য: দিনাজপুরের পৌর মেয়রের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতিকে নিয়ে মন্তব্য: দিনাজপুরের পৌর মেয়রের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৪, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরুপ মন্তব্য করার ঘটনায় নির্দেশ অনুযায়ী আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। তবে আদালত তাকে অব্যাহতি দেননি। পরে আদালত অবমাননার রুল শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করা হয়। ওইদিনও দিনাজপুর পৌরসভার মেয়রকে হাজির থাকতে বলা হয়েছে।

দিনাজপুর পৌর মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

এর আগে খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরুপ মন্তব্যের জেরে দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীরকে তলব করা হয়। গত ১৭ আগস্ট আপিল বিভাগ তাকে তলব করেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ আগস্ট সকাল ৯টায় তাঁকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। সেই সঙ্গে এই সংক্রান্ত ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন আপিল বিভাগ।

বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। বক্তব্যে তিনি খালেদা জিয়ার মামলায় হাইকোর্টে রায়দানকারী বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরুপ মন্তব্য করেন। পরে বিষয়টি নিয়ে মেয়রের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন শফিক রায়হান শাওন, মাহফুজুর রহমান রোমানসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

ওইদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, মেয়র যে ভাষায় গালিগালাজ করেছেন তাতে কোর্টের ইমেজ ক্ষুণ্ন হয়েছে। রায় হয়েছে, তাতে আপিলের সুযোগ রয়েছে। তাই বলে রায় নিয়ে এভাবে বিরুপ মন্তব্য করা যায় না। শক্ত ব্যবস্থা না নেওয়া হলে কোর্টের প্রতি জনমনে আস্থার ঘাটতি দেখা দেবে।