খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত যৌথ বিশেষ অভিযানে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১১টি মোটরসাইকেল এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, নগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের সদস্যদের পাশাপাশি র্যাব, জেলা পুলিশ, এপিবিএন এবং অন্যান্য বিশেষায়িত ইউনিট অংশ নেয়।
সম্প্রতি খুলনা অঞ্চলে চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে জোরদার পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামি, তালিকাভুক্ত অপরাধী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছেন, খুলনায় অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে সন্ত্রাস, মাদক পাচার, চাঁদাবাজি এবং সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে।
স্থানীয় প্রশাসনের মতে, নগরীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সমন্বিত আইন প্রয়োগ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অভিযানের ফলে অপরাধী চক্রের কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Source:
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
