ইসি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে : হাসনাত আবদুল্লাহ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে : হাসনাত আবদুল্লাহ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৯, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনের (ইসি) স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ করেছেন।

আজ রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না। নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

তিনি আরও বলেন, আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নাই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই।

নির্বাচন কমিশনের আচরণ প্রসঙ্গে হাসনাত বলেন, মধ্যযুগীয় রাজা-বাদশাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিল।

রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, অন্য কোথাও থেকে রিমোটে সুইচ চাপা হচ্ছে। ইসির এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে-এমন অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার মতো বর্তমান কমিশনের কোনো যোগ্যতা নেই। নুরুল হুদার মতো পরিণতি যাতে না হয়, এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে তিনি বলেন, শাপলা নিয়ে নির্বাচন কমিশনের আইনি কোনো ব্যাখ্যা নেই। তাই শাপলা পেতে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

হাসনাত আব্দুল্লাহ ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন-দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা। প্রধান নির্বাচন কমিশনার ইসিতে অনুপস্থিত থাকায় কমিশন সচিবের সঙ্গেই বৈঠক করেন তারা।

গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল এনসিপি। পরবর্তীতে সে দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই জোর দেয় দলটি।

সবশেষ গত ৭ অক্টোবর আবারো শাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনাচিত্র পাঠায় এনসিপি। তবে এটিও আমলে নিচ্ছে না ইসি। পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ বক্তব্য, বিধিমালার তালিকা থেকেই এনসিপিকে কোনো একটিকে বেছে নিতে হবে প্রতীক হিসেবে।