নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করার সময় হামলাটি ঘটে। প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউয়ের মসজিদে ঢুকে তাদের ওপর গুলি চালায় একদল সশস্ত্র ব্যক্তি।
স্থানীয়রা জানান, কোনো ধরনের সতর্কতা ছাড়াই হামলাকারীরা হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে মসজিদ রক্তাক্ত হয়ে ওঠে।
গ্রামপ্রধান ও স্থানীয় একটি হাসপাতালের কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর কেউ হয়তো এর পেছনে জড়িত।
এই অঞ্চলে জমি ও পানির দখল নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব দীর্ঘদিনের। পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এর আগেও এসব এলাকায় এমন হামলার ঘটনা ঘটেছে। গত জুনেই দেশটির মধ্যাঞ্চলে হামলায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ।
ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কাটসিনা রাজ্যের পুলিশ কমিশনার নাসির মুয়াজু। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে উঙ্গুয়ান মানতাউ গ্রামে।
স্থানীয়রা আতঙ্কিত। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা
