যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৩ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৩

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৪, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে বন্দুকধারীর গুলিতে দুজন নারী নিহত হয়েছেন।

এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর পাল্টা গুলিতে ঘটনাস্থলেই ওই বন্দুকধারী নিহত হন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন পুরুষ।

গুলির ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার সকাল ১১টা ৩৫ মিনিটে ব্লু গ্রাস বিমানবন্দরের কাছে।

সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশ সদস্যকে গুলি করে পালিয়ে যায় এবং একটি গাড়ি ছিনতাই করে প্রায় ১৫ মাইল দূরে রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে পৌঁছে যায় বলে জানিয়েছেন লেক্সিংটন পুলিশপ্রধান লরেন্স উইদার্স।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বন্দুকধারীর গির্জার কিছু লোকজনের সঙ্গে পূর্বপরিচয় ছিল, তবে বিস্তারিত কিছু জানাননি উইদার্স।

তিনি বলেন, গির্জা প্রাঙ্গণে পৌঁছে বন্দুকধারী সেখানে উপস্থিতদের লক্ষ্য করে গুলি চালান। পরে ঘটনাস্থলে তিনজন পুলিশ কর্মকর্তা পাল্টা গুলি চালিয়ে ওই সন্দেহভাজনকে হত্যা করেন।

বন্দুকধারীর পরিচয় জানা গেলেও, নিহতের পরিবারের সদস্যদের এখনো অবহিত না করায় পুলিশ তার নাম প্রকাশ করেনি।

গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত নারীদের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সি ক্রিস্টিনা কম্বস, আরেকজন ৭২ বছর বয়সি বেভারলি গাম।

এছাড়া গুলিতে আহত দুই পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান উইদার্স।