দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানে ‘না’: জামায়াত আমির - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানে ‘না’: জামায়াত আমির

জনবার্তা প্রতিবেদন
মে ২৫, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মানবিক করিডোর নয়, বন্দর নয়—দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতেই ‘হ্যাঁ’ বলবো না। যেখানে দেশের স্বার্থ বিঘ্নিত হবে, সেখানে আমাদের অবস্থান সুনির্দিষ্ট—‘না’।’

রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

করিডোর প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তা নির্বাচিত সরকারের অধীনে, জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে হতে হবে। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে সব রাজনৈতিক দলকে নিয়ে বসে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।’

আসন্ন নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন—এমন একটি নির্বাচন হবে, যা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসিমুখে ভোট দেবে। কেউ বলবে না, তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।