আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (৮ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৭ বছর বিএনপি যাদের কাছে নির্যাতিত হয়েছে, তাদের পুনর্বাসন করবে এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে।
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ প্রসঙ্গে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। অথচ সরকার কিছু জানে না; তারা কি জানে?
প্রশাসনে বিএনপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না, তারাই দেশ পরিচালনা করছে। মনে হচ্ছে উপনেবিশক শাসন চলছে বাংলাদেশে।’
এদিকে মায়ানমারের সঙ্গে মানবিক করিডোর ইস্যুতে তিনি আবারও নির্বাচিত সরকারের ওপর এ সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
সরকার ইচ্ছাকৃতভাবে অপকর্ম চালাচ্ছে অভিযোগ এনে এরা দেশপ্রেমিক সরকার নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।
এনসিপি ও জামায়াত উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘সেন্টমার্টিন-সাজেক নিয়ে তারা কথা বলছে না। বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডর বলে কিছু নেই। জনগণের মতামত ছাড়া কোন করিডর দেওয়ার সুযোগ নেই। দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে। বিভিন্ন মিশন চালু হচ্ছে। সব অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার, কারও উদ্দেশ্য বাস্তবায়ন করছে সরকার, এটি দেশপ্রেমিক সরকার নয়।’
তিনি আরও বলেন, আমরা খুব একটা ভালো অবস্থানে নেই। বিএনপি ছাড়া করিডর নিয়ে কেউ কথা বলছে না। জামায়াত, চরমোনাই কেউ কথা বলছে না। বিএনপিকে শেষ করতে পারলেই আওয়ামী লীগের মত দেশ লুটেপুটে খাওয়া যাবে।’
নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিতি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।
