পবিত্র হজ উপলক্ষে নিরাপত্তা ও অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ ১৩টি দেশের নাগরিকদের জন্য ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জিয়ো নিউজের খবরে বলা হয়, এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত বলবৎ থাকতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ১৩ এপ্রিল পর্যন্ত ওমরাহ ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে: পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।
সূত্র আরও জানায়, কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করলে তার বিরুদ্ধে পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
সৌদি সরকার পাকিস্তানকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। সেইসঙ্গে দেশটির ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের মতে, অনেক ওমরাহ যাত্রী দীর্ঘমেয়াদি ভিসায় প্রবেশ করে হজ পালনের চেষ্টা করেন, যা আইনসিদ্ধ নয়। কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করেন। এর ফলে হজ মৌসুমে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়।
এই অতিরিক্ত ভিড় ও অনিয়ম রোধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
