সাতক্ষীরায় মা’কে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় মা’কে হত্যার অভিযোগে পুত্র ও পুত্রবধু আটক

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার আশাশুনিতে মা’কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পুত্র রমজান আলী মোল্যা এবং পুত্রবধূ মিনারা খাতুনকে আটক করেছে।

মারা যাওয়া আয়েশা খাতুন ফখরাবাদ আদর্শ গ্রামের মৃত. আক্কাস মোল্যার স্ত্রী। উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ আদর্শ গ্রামে এঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮ টার দিকে মৃত আক্কাস মোল্যার ছেলে রমজান (৩২) ও তার স্ত্রী মিনারা খাতুন (২৮) দুজন মিলে ‘মা’ আয়েশা খাতুন (৫৫)কে ঘরের মধ্যে বালিশ চাপাদিয়ে হত্যা করে। হত্যার পর ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে।

পরে রমজান ও তার স্ত্রী মিনারা খাতুনের চিৎকারে পার্শ্ববর্তী শিল্পী খাতুন সহ স্থানীয়রা এসে আয়েশা খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় গ্রাম্য ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে তাকে মৃত্যু ঘোষণা করে। এদিকে মৃত্যুর খবর শুনে পুত্র রমজান মোল্যা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রমজান মোল্যাকে উপজেলার দরগাহপুর ইউনিয়নে রামনগর গ্রামের রাস্তা থেকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্র ও পুত্রবধুকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।