কুয়েট শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ভিসির বাসভবনে পুনরায় তালা লাগানোর। কর্মসূচি পালনের লক্ষ্যে তারা বেলা ১২ টায় ভিসির বাসভবনের সামনে উপস্থিত হয়।
এসময় তারা হ্যান্ড মাইকে ঘোষণা দিতে বলেন, আমরা পাঁচ মিনিট সময় দিচ্ছি, ভিসির বাসভবনে কেউ থাকলে বের হয়ে আসুন, এরপর তালা লাগিয়ে দেওয়া হবে। এভাবে বেশ কয়েকবার হ্যান্ড মাইকে ঘোষণা দিতে থাকে তারা।
এর ১০/১২ মিনিট পর শিক্ষার্থীরা যখন ভিসির বাসভবনের প্রধান ফটকের তালা লাগাতে যায় তখন ভিতরে থাকা বেশ কয়েকজন শিক্ষক প্রধান ফটকের সামনে এসে দূরে থাকা শিক্ষার্থীদের সামনে আসার আহ্বান জানান। শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমরা তোমাদের ভালো চাই, তোমরাও আমাদের ভালো চাও। আমরা সবাই কুয়েটিয়ান। তোমরা কুয়েটের ভাল চাও আমরাও কুয়েটের ভালো চাই। তাহলে আমরা নিজেদের চাওয়া পাওয়ায় কিভাবে কুয়েটের ভালো হয় তোমরাও সে চেষ্টা করতেছো আমরাও সে চেষ্টা করতেছি।” এভাবে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে বেশ কয়েক মিনিট কথোপকথনের একপর্যায়ে শিক্ষার্থীরা ভিসির বাসভবনে তালা না লাগিয়ে ফিরে যান।
শিক্ষার্থীরা ভিসির বাসভবন থেকে চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফারুন হোসেন সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। আর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে প্রেস ব্রিফিংয়ে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।
