বলিভিয়ায় ৮০০ মিটার গভীর খাদে পড়ল বাস, নিহত ৩০ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বলিভিয়ায় ৮০০ মিটার গভীর খাদে পড়ল বাস, নিহত ৩০

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী একটি বাস ৮০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে জানান পুলিশ ও স্থানীয় গণমাধ্যম।

পুলিশ কর্নেল ভিক্টর বেনাভাইদেস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইয়োকাল্লা শহরের কাছে দুর্ঘটনায় নিহত ৩০ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে এএফপি এই খবর জানিয়েছে।

পোতোসি এবং ওরুরো শহরের মাঝে দ্বিমুখী একটি সংকীর্ণ সড়কে দুর্ঘটনা ঘটলে বাসটি পাশে থাকা গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় নিউজ আউটলেট ইউনিটেল জানিয়েছে, দুর্ঘটনায় তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা বেনাভাইদেস জানিয়েছেন, সংকীর্ণ সড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। দেশটিতে চলতি বছর এটাই সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা।

সরকারি তথ্য অনুযায়ী, ১ কোটি ২০ লাখ লোকের আবাসস্থল দেশটিতে প্রতি বছর ১৪০০ লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়।