আন্দোলন করতে গিয়ে প্রয়োজনে জীবন চলে যাবে তারপরও আপস করব না বলে জানিয়েছেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।
সোমবার (৩১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ করে এই কর্মসূচি পালন করছে দলটি।
শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচিতে অসুস্থ হওয়ার পর হাসপাতালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফল পাঠানোর ঘটনাকে নাটক আখ্যা দিয়ে তিনি বলেছেন, আমি ঘুমে ছিলাম। ওষুধ দিয়ে ডাক্তাররা ঘুম পাড়িয়ে রেখেছিলেন। আমার কারও সঙ্গে কথা হয়নি। কিন্তু তারা কি নাটক করলো। প্রয়োজনে জীবন যাবে কিন্তু আপস করব না।
দলের সিনিয়র নেতাদের মাঠে নামার আহ্বান জানিয়ে আমান বলেন, সবাই মাঠে নামেন। পরশুদিন নেতাকর্মীরা মাঠে নেমে দেখিয়েছেন। আমরা সফল হয়েছি। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই।
বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে গুলি করবে। জীবন যেতে পারে। কিন্তু একটা নেতাকর্মীও আপস করবে না। যারা গ্রেফতার হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা আছি। আন্দোলনের মাধ্যমে তাদের সবাইকে আমরা মুক্ত করবো।
কর্মসূচিতে আ.লীগের রক্তারক্তি মানুষ ভোলেনি : রিজভী
বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বানচাল করতে গিয়ে আওয়ামী লীগ ও তাদের সরকার বানচাল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনারা এই অবস্থান কর্মসূচিতে যেভাবে রক্তাক্ত করেছেন তা মানুষ ভুলে যায়নি।
রিজভী বলেন, আজকে পুলিশ বিএনপিকে সমাবেশ করার যে শর্ত দিয়েছে, সেখানে একটি শর্তে বলা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি মঞ্চে থাকতে পারবে না এবং তার বক্তব্যও প্রচার করতে পারবে না। কাকে বুঝিয়েছে তারেক রহমানকে? যিনি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে।
আজকে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
