১০ বিষয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে একমত বিএনপি - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ বিষয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে একমত বিএনপি

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২৭, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনসহ ১০টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, “এ বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। সুন্দর দেশ গঠনসহ সবার সহযোগিতা কামনা করছি।”

সিদ্ধান্তগুলো হলো
১. আধিপত্য-বাদ, সম্প্রসারণ-বাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা।

২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

৩. ভোটাধিকারসহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।

৪. ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।

৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা।

৬. আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

৭. ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একে-অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলব না।

৮. আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব।

৯. ইসলামী শরিয়াহবিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলামবিরোধী কোনো কথা কেউ বলব না।

১০. প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।

বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব ইউনুছ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী প্রমুখ উপস্থিত ছিলেন।