খুলনার ডুমুরিয়ায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
শনিবার বেলা ১১ টার দিকে খুলনা-সাতক্ষীরা জাতীয় মহাসড়কের মেছাঘনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মাগুরা জেলার বাসিন্দা বেবি বেগম। নিহত অন্যব্যক্তি প্রাইভেটকারের চালক ছিলেন। তার পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া।
তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বিপরীতমুখি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
