কয়েকদিন ধরে নানা আলোচনা-বিতর্ক আর উদ্বেগ-উৎকণ্ঠার পর অবশেষে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। বৃষ্টি কিছুটা বিড়ম্বনায় ফেললেও মহাসমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের উৎসাহে ভাটা পড়েনি। উৎসবমুখর পরিবেশেই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।
সমাবেশের শুরুতে খালেদা জিয়া ও তার পরিবারের অন্যদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এরপর সমাবেশ শুরু হয়। শুরুর দিকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, ‘আজকের মহাসমাবেশ না হওয়ার জন্য সরকার বহু চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি। আমরা সমাবেশ করছি, আমরা সফল হয়েছি।’

আব্দুস সালামের পর কেন্দ্রীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা একে একে বক্তব্য দিচ্ছেন। মহাসমাবেশের মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবার শেষে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার সকাল থেকে নয়াপল্টনের সমাবেশস্থলে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন এলাকা ছাড়িয়ে ফকিরাপুল ও নটর ডেম কলেজ পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে শান্তিনগর, মৌচাক, কাকরাইল মসজিদ, সেগুন বাগিচাসহ বিজয় নগর কালভার্ট রোডে ছড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল, মালিবাগ, মৌচাক এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না সাধারণ মানুষকে।
মহাসমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের কয়েক হাজার সদস্য উপস্থিত রয়েছেন বিভিন্ন মোড়ে-মোড়ে। রাখা হয়েছে প্রিজনভ্যান, আর্মড ভেহিক্যাল, সাঁজোয়া যান ও জলকামান।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, মহাসমাবেশকে কেন্দ্র করে গত তিন দিনে রাজধানী থেকে দলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মহাসমাবেশ বানচাল করতে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তারা।
