‘অনেক কথা আছে, সংসদে বলার জন্য দ্রুত নির্বাচন দিন’ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘অনেক কথা আছে, সংসদে বলার জন্য দ্রুত নির্বাচন দিন’

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৮, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দ্রুত সংসদ নির্বাচন দেওয়ার জন্য ফের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

সাবেক এই সংসদ সদস্য বলেছেন, ‘মইনুদ্দিন-ফখরুদ্দিন বিদেশে বসে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করে ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনে। বিএনপিকে কয়েকটা আসন দেয়। আরও অনেক কথা রয়েছে সব বলব। ড. ইউনুস সাহেব এই কথাগুলো সংসদে বলার জন্য অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন।’

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদ এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদীন বলেন, আপনাদের দায়িত্ব অনেক। কারও কথা শুনে দ্বায় আপনাদের ঘাড়ে নেবেন না। ফ্যাসিবাদ সরকারের দোসরদের যদি না সরান শুধু আগুন নয় আরও ষড়যন্ত্র, খেলা খেলতে পারে তারা। তাই এদেরকে সরাতে হবে। নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মইনুদ্দিন-ফখরুদ্দিনের মত আর একটা জালে যেনো আপনি না পড়েন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা ২০১৮, ২০২৪, ২০১৪ সালের মতো নির্বাচন চাই না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এমন নির্বাচন চাই যে নির্বাচনে মৃত ব্যক্তিরা ভোট দেবে না। রাতে ভোট হবে না। যার ভোট সে দেবে। পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করবে। এমন নির্বাচন চাই যে নির্বাচনে ১৫২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না।

বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে বিরোধীদলের সাবেক এই চিফ হুইপ বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে অনতিবিলম্বে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন। নির্বাচনের তারিখ ঠিক করুন। নির্বাচন দিন।

আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নাঈমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন- কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মাসুক মিয়া, দফতর সম্পাদক ভিপি শফিকুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, পল্টন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, মীর মমিনুর রহমান সুজন, মনিরুজ্জামান সাগর, শামসু মাস্টার, জাকির হোসেন, রমজান আলী প্রমুখ।