তারেকের মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকি বিএনপিপন্থী আইনজীবীদের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেকের মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকি বিএনপিপন্থী আইনজীবীদের

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৪, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতারা।

লিখিত বক্তব্যে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ সংগ্রামের বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নামে দায়েরকৃত সমস্ত মামলাই হলো রাজনৈতিক এবং তার নামে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা করেছে।

বিএনপিপন্থী আইনজীবীরা বলেন, কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, তারেক রহমানের নামে দায়েরকৃত এ সমস্ত রাজনৈতিক মামলার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে তার নামে দায়েরকৃত এ সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জুলাই গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকার অতি দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশে গণতন্ত্র প্রত্যাবর্তন তথা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে।