ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া: ইন্ডিয়া টুডে - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া: ইন্ডিয়া টুডে

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

রবিবার (১ সেপ্টেম্বর) সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশি মিডিয়ায় বলা হয়েছে ‘ভারতবিরোধী’ অনুভূতি জাগিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। বাংলাদেশি মিডিয়ার একাংশের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত ছয় বাংলাদেশি ছাত্রনেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর আগে, ‘ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা’ শীর্ষক একটি সংবাদ রোববার প্রকাশ করে দ্য মিরর এশিয়া। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি।

প্রতিবেদনে আরও বলা হয়, এর জেরে এই ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরইমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।