ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তেমনি আপনাদের ভোটে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে এ দেশের সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও একইদিন দুপুরে উপজেলার চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় ও বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিক্সন চৌধুরী বলেন, বাংলাদেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই উন্নয়নের ধারাবাহিকতায় রাস্তাঘাট,ব্রিজ,স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসা,মন্দিরসহ সব সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরসহ সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দিয়ে নিক্সন চৌধুরী আরও বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হচ্ছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় বড় ভবন নির্মাণ হচ্ছে। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতিকে একটি উন্নয়নশীল দেশ উপহার দিবেন।’
