থাইল্যান্ডে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর প্রাণহানির শঙ্কা - জনবার্তা
ঢাকা, , |

থাইল্যান্ডে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর প্রাণহানির শঙ্কা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৩, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বনের মধ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা নয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ব্যাংককের বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই বিমানটি বিধ্বস্ত হয়। খবর সিএনএন।

বিমান দুর্ঘটনার পরই রাতভর উদ্ধার অভিযান চালায় উদ্ধারকর্মীরা। স্থানটিতে ব্যাপক কাদা পানি ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে দুইজন থাই পাইলট, চীনের পাঁচজন এবং থাইল্যান্ডের দুই যাত্রী ছিলেন। বিমানটি স্থানীয় সময় বেলা ২টা ৪৬ মিনিটের দিকে ব্যাংকক এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে এবং এটির গন্তব্য ছিল ট্রাট বিমানবন্দরে। চাচোয়েংসাও প্রদেশের সরকারের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। বিমানটি উড্ডয়নের ১০ মিনিট পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়।

থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টার্বোপ্রোপ সেসনা কারাভান সি২০৮বি মডেলের বিমানটি পরিচালনা করত থাই ফ্লাইং সার্ভিস কোম্পানি।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।