ইসলামবিদ্বেষীরা সুইডেনে পবিত্র কোরআনে আগুন দিয়ে বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে বলে উল্লেখ করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, ‘পবিত্র কোরআন পোড়ানোর মতো ন্যক্কারজনক কাজের অনুমতি দিয়ে সুইডেন সরকার বিশ্বে অশান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।’
শিক্ষামন্ত্রী দীপু মনির সমালোচনা করে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির বলেন, ‘বর্তমান শিক্ষামন্ত্রী সৃজনশীল নাম দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এখন শিক্ষাব্যবস্থা থেকে ইসলামকে শেষ করার ষড়যন্ত্র করছেন।’ তিনি বলেন, ‘অবিলম্বে পাঠ্যপুস্তকে ইসলামবিদ্বেষী নাস্তিক্যবাদী পাঠ এবং ভুল ও বিতর্কিত কাল্পনিক মুখরোচক গল্প–গুজব বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তকে পাঠদান করতে হবে। এ ছাড়া শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে। অন্যথায় দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আবদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আবদুল আউয়াল মজুমদার, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন প্রমুখ।
