উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে: আমীর খসরু - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে: আমীর খসরু

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৯, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে জাতিসংঘসহ সব উন্নয়ন সহযোগীর শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৯ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

বৈঠকে দেশের নবগঠিত অন্তর্বতীকালীন সরকার, সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে দলের সাংগঠনিক শামা ওবায়েদ এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান অংশ নেন।

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকে বাংলাদেশে যে বড় ধরনের পরিবর্তন হয়েছে…আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সাথে বাংলাদেশের গণসমর্থন যেভাবে ছিল তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিল। বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের মানবাধিকার ফিরিয়ে আনার বিষয়ে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে এ দেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সবার মধ্যে একটা দ্বিধা-দ্বন্দ্ব ছিল… আজকে সকলের মধ্যে সেই শঙ্কা কেটে গেছে। সেই শঙ্কা কেটে আগামী দিনে আমরা কীভাবে বাংলাদেশ গড়বো… ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে তারা সেই সমর্থন দিতে রাজি আছে এবং সবাইকে নিয়ে কাজ করছে… সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ব, এটাই এখানে আলোচনা হয়েছে।’