শুক্রবার থেকে সারাদেশে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার থেকে সারাদেশে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ

জনবার্তা প্রতিবেদন
জুন ২৫, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের ৩১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর মধ্যেই আগামী শুক্রবার (২৮ জুন) থেকে সারাদেশে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলছেন— দেশের কোনো কোনো জেলায় তাপপ্রবাহ বিরাজ করছে। এর মধ্যে আজ মঙ্গলবার (২৫ জুন) কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। বৃষ্টি সামনে আরও বাড়বে। ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সারাদেশেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে— সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারী বৃষ্টিপাত।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে নেত্রকোনায়। এছাড়া হবিগঞ্জে ৩০, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯, সিলেটে ১২ এবং ঢাকায় ৩ মিলিমিটারসহ বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।

এদিন পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হবে না; তখন এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বৃষ্টি হলে কমে আসবে এই পরিস্থিতি।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অনুভূত হবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।