কুয়েতে নিহত ৪৫ শ্রমিকের মরদেহ পৌঁছেছে ভারতে - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে নিহত ৪৫ শ্রমিকের মরদেহ পৌঁছেছে ভারতে

জনবার্তা প্রতিবেদন
জুন ১৪, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন ভারতীয় শ্রমিক। ভারতের বিমানবাহিনীর বিশেষ বিমানে করে কুয়েত থেকে তাদের মরদেহ দেশে ফেরানো হয়েছে।

শুক্রবার (১৪ জুন) ভোরে লাশ নিয়ে সি-১৩০ জে বিমান বেলা ১১টায় কেরালার এর্নাকুলাম বিমানবন্দরে অবতরণ করে। মৃতদের অধিকাংশই কেরালার বাসিন্দা হওয়ায় বিমানটি প্রথমে সেখানে অবতরণ করে।

এর আগে, বুধবার (১২ জুন) ভোরে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগে। সেখানে মূলত ১৭৬ জন ভারতীয় শ্রমিক বাস করতেন বলে জানিয়েছে বিবিসি।

আরব টাইমসের প্রতিবেদনে জানানো হয়, কর্তৃপক্ষের চালানো তদন্তে দেখা গেছে, কুয়েতের ছয়তলা ওই আবাসিক ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মীর কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। এর মধ্যে ৪৫ জনই ভারতীয়। দুইজন ফিলিপিন্সের। আর দুটো মরদেহ এখনও শনাক্ত করা যায়নি।

নিহত ভারতীয় শ্রমিকদের ২৩ জনই কেরালার বাসিন্দা। তবে এদের মধ্যে ৭ জন থাকতেন তামিলনাড়ুতে। উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের তিনজন করে শ্রমিক মারা গেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় উড়িষ্যার দুই জনের মৃত্যু হয়। তাছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র এবং পাঞ্জাবের একজন করে শ্রমিকের মৃত্যু হয়েছে।

সকাল থেকেই মৃতদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন বিমান বন্দরে। বিমানে করে মরদেহ ফিরতেই শোকের পরিবেশ তৈরি হয় বিমানবন্দর জুড়ে।

এদিকে, এতজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে ভারতের রাজ্য ও কেন্দ্র সরকার।
সূত্র: বিবিসি