হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে একজন প্রতিশ্রুতি রক্ষাকারী মানুষ হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে রাইসিকে নিয়ে এ মন্তব্য করেন পুতিন। খবর তাসের।
এ সময় পুতিন রাইসিকে রুশ জনগণের খুব কাছের মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী একজন মানুষ ছিলেন ইরানের সদ্য প্রয়াত এ প্রেসিডেন্ট।
তার মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাইসিকে একজন অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার, একজন স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী মানুষ হিসেবেও উল্লেখ করেন।
এছাড়া রাইসির মৃত্যুর পর ইরানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রুশ এই প্রেসিডেন্ট।
ইরানে সদ্য প্রয়াত প্রেসিডেন্ট রাইসির অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডুমার চেয়ারম্যান ভলোদিন। এর আগে মঙ্গলবার তার সঙ্গে বৈঠকের সময় মর্মান্তিক এই ট্র্যাজেডির জন্য তার আন্তরিক সমবেদনা ইরান পৌঁছে দিতে ভলোদিনকে আহ্বান জানান পুতিন।
পুতিন প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ বলে অভিহিত করেছেন।
প্রেসিডেন্ট পুতিন বলেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরান ও ইরানি জনগণের জন্য বিরাট বড় ক্ষতি। তিনি জাতীয় স্বার্থে ছিলেন অনুপ্রাণিত, তার সঙ্গে কাজ করাটা ছিল আনন্দের।
