আট বিভাগেই আজ ঝরতে পারে বৃষ্টি - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আট বিভাগেই আজ ঝরতে পারে বৃষ্টি

জনবার্তা প্রতিবেদন
মে ১৯, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আর দেশের ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ কিছুটা কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

রোববার (১৯ মে) আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আরও জানান, রোববার সকাল ছয়টা পর্যন্ত তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৯০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে।