গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ২২ - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ২২

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৩০, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার গাজার দক্ষিণ খান ইউনিস শহরের একটি আবাসিক ভবনের একটি ব্লকে এই হামলা চালায় দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বোমা হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় এক হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হন। জিম্মি করে নিয়ে যায় আরও ২৪২ জনকে।

ওইদিন থেকে পাল্টা আক্রমণে তীব্র আক্রোশে গাজার ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি।

ইসরায়েলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হামলায় পুরো গাজা ভূখণ্ড প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রায় ছয় মাসের মতো সময় ধরে চলা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি। আর আহত ৭৫ হাজার ৯২ জন। ঘরবাড়ি হারিয়ে গাজার বাসিন্দারা প্রায় সবাই উদ্বাস্তু হয়ে গেছে।

কঠোর অবরোধ ও অবিরাম হামলার মধ্যে থাকা গাজাবাসীরা অনাহারে ভুগতে ভুগতে দুর্ভিক্ষের প্রান্তে চলে গেছে। ইতোমধ্যে অপুষ্টি ও পানিশূন্যতায় শিশুসহ অনেকের মৃত্যু হয়েছে। ক্ষুধায় কাতরানো মানুষ ত্রাণের জন্য হাহাকার করছেন।